
নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে তৃতীয় দিনের মতো স্বজনদের নমুনা সংগ্রহ চলছে।
রোববার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য দুইজনের বিপরীতে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান রুমানা আক্তার বলেন, রোববার তৃতীয় দিনের মতো আমরা নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ভিকটিমদের স্বজনদের ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছি। তিন দিনে আমরা ৪২ জন ভিকটিমের বিপরীতে ৬০ জনের নমুনা সংগ্রহ করেছি। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাবা-মাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা আগেও বলেছি নিহতরা এক্সট্রিম পর্যায়ের দগ্ধ ছিলেন। যার কারণে তাদের দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে। এ কারণে ডিএনএ পরীক্ষা করতে সময় লাগছে। ভিকটিমদের টিস্যু পুড়ে যাওয়ায় আমরা তা সংগ্রহ করতে পারিনি। টিস্যু সংগ্রহ করতে পারলে এ প্রক্রিয়াটি সহজ হতো।
কতদিন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ম্যাক্সিমাম ভিকটিমদের স্বজনদের নমুনা দেওয়া হলে আমরা সেগুলো ঢাকা মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে আমাদের নিজস্ব কার্যালয়ে স্থানান্তর করব।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ২৯ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। কারখানা থেকে উদ্ধার করা হয় ৫২ জনের মরদেহ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ