
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।
এর আগে, রোববার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো- অর্ঘ্য অর্পণ দাস (২১), আকব হোসেন নূর (১৯) ও সাব্বির রহমান (২২)। টিকাকেন্দ্রে দুই ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অর্ঘ্য, নূর ও সাব্বিরকে বিবাদী করে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে গেলে কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের (বিবাদী) সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এক ছাত্রকে মারধর শুরু করে তারা। পরে সঙ্গে থাকা আরেক ছাত্র প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে টিকাকেন্দ্রের ভেতরে চলে যায় তিন স্বেচ্ছাসেবক। তারা শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশেরও হুমকি দেয়। এ সময় বিবাদীরা মাজেদুলকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এছাড়া মারধরের এক পর্যায়ে এক ছাত্রের মোবাইল ফোন, নগদ সাড়ে আট হাজার টাকা এবং আরেকজনের নগদ সাড়ে ছয় হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় জড়িতরা মূলত স্বেচ্ছাসেবক, তারা সরকারি কর্মী নয়। তাৎক্ষণিকভাবে রেড ক্রিসেন্ট কর্মীদের প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, বিষয়টি মীমাংসার জন্য বসা হয়েছিল। কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপাচার্যের আদেশে আমি নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বাদী হয়ে মামলা দায়ের করতে বাধ্য হয়েছি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহারিয়ার বলেন, রাতে মামলা দায়ের হলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। মামলার এজাহারনামীয় তিনজনসহ আরও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, জাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়।
ভিন্নবার্তা/এমএসআই