
ক্রমবর্ধমান ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার জন্য নারীদের ‘ছোট পোশাক’ আবারও দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এক্সিওস অন এইচবিও-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানকে পাকিস্তানের বেড়ে চলা ধর্ষণের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি একজন নারী খুবই অল্প পোশাক পরে ঘুরে বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়বেই, যদি সে রোবট না হয়। এটা কমন সেন্সের ব্যাপার।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই।
এর আগে গত এপ্রিল ইমরান খান ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে পশ্চিমা এবং ভারতীয় ধারনার ব্যাপক বিস্তৃতিকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, এই ধরণের অপরাধ কমানোর জন্য ‘পর্দা’ প্রথা সহায়ক হতে পারে।
আগের মন্তব্যের বিষয়টি টেনে এনে এদিন ইমরান খান বলেন, পাকিস্তানে ডিসকো এবং নাইটক্লাব নেই। আসলে এটা সম্পূর্ণ ভিন্ন একটি সমাজ ব্যবস্থা।
তিনি বলেন, আপনি যদি সমাজে এই ধরণের লোভনিয়তা সৃষ্টি করেন এবং তরুণদের যাওয়ার কোনো জায়গা না থাকে তাহলে সমাজে এটার একটা প্রভাব পড়বেই। যে সমাজের মানুষ এসব জিনিস দেখে বা এগুলোর ভেতরে থেকে অভ্যস্ত নয় তাদের ওপর এটার একটা প্রভাব পড়বেই। যদি তারা আপনাদের (পশ্চিমা) মতো সমাজে বড় হতো তাহলে হয়তো এমনটা ঘটতো না।
ইমরান খানের এই মন্তব্যের পর অনেকেই তার সমালোচনা করেছেন। তারা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণের কথা না বলে তিনি ভুক্তভোগীকে দায়ী করছেন।
এদিকে পাক প্রধানমন্ত্রীর ডিজিটাল মিডিয়া প্রতিনিধি ড. আরসালান খালিদ টুইট করে দাবি করেন, গোটা বিষয়টির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ইমরান খানের বক্তব্যের নির্দিষ্ট কিছু অংশ তুলে ধরে ব্যাপারটা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন