
শেরপুরের শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে সুরুজ আলী (৭০) নামে এ বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার শংকরঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। পরে বিকালে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে যান। এ সময় বিল্লাল হোসেন লাঠি নিয়ে তার বাবাকে উপর্যুপরি আঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই সুরুজ আলী মারা যান। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বিল্লাল হোসেন।
নিহত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা বলেন, আমার বাবাকে বড় ভাই দেখতে পারতো না। বাবাকে দেখলেই শুধু মারবার আসতো, এজন্য মানুষে বলতো মানসিক রোগী। আজ আমার বাবারে মেরেইে ফেললো।
নিহতের ছোট ছেলে কুদ্দুস আলী বলেন, আমার বড় ভাইয়ের সঙ্গে আমাদের মাঝে মাঝেই জমি-জমা নিয়ে ঝগড়া লাগতো। আজ দুপুরে আমাদের পরিবারের সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আমার বাবারে বড় ভাই পিটায়ে মেরে ফেলেছে। আমি আমার ভাইয়ের ধরার জন্য কয়েক জায়গায় গেছিলাম, পাইনি।
শ্রীবরদী থানার এসআই নাজমুল বলেন, আমরা সুরতহাল তৈরি করেছি। সুরতহালে দু’হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই