
চাঁদ ঝলসে দেয় তোমার উঠোন
তুমি আছো নিরালায়
আমার বাসর জ্বলে পুড়ে যায়
নিরাভরণ ইশারায়
গাছে গাছে তাই ছুটে বেড়ায়
ভীষণ বাতাসের দল
কোন বাঁধা নেই উড়িয়ে নিতে
এক দঙ্গল
ভিজে ওঠে বুক হাতের আঘাতে
চোখে নামে বরষা
দুমড়ে মুচড়ে চলে যায় মেঘ
নির্দ্বিধায় সহসা
চাঁদ উঠেছিলো ঐ দূর পানে
আমি ছিলাম মুখোমুখি
আমার পরান শ্বাসরুদ্ধ হয়
তোমার হাসি দেখি
চাঁদ হেসেছে তোমাকে দেখে
তুমি হেসেছো অম্লান চোখে
কেমনে কোথায় ডুবে যাবে চাঁদ
নিজের ঠিকানা খুঁজে
আমার জন্য দায় পড়ে রবে
সকাল সন্ধ্যা সাঁঝে
দায় টুকু বড্ড দয়ামায়াহীন
সামান্য এক শৃঙ্খল
ছুড়ে ফেলে দিয়ে এগিয়ে যেতে চায়
যেখানে আসে অস্তাচল
আমি আর আমি রইলাম না
আমার ভিন্ন অন্য
এতটা ভালোবাসা রক্তে মিশে আছে
তাই আমি জঘন্য
ঘৃণা জাগে মনে শরীরেও আসে
বেঁচে থাকার নাম কি
মৃত্যু কামনা কুঁড়ে কুঁড়ে খায়
এমনটাই জেনেছি
হাড়ের মজ্জায় বাসা বাঁধছে
ঘুণপোকাদের দল
আমার শুষ্ক আঁখিতে আর
আসে না জোয়ারের জল
ধরে রাখা আর হলো না জগৎ
লুকোচুরি হেরে যায়
সত্যি মিথ্যা মিলেমিশে গেলে
ভালোবাসা অসহায়