
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আইসিইউ নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে প্রচারিত ‘উদ্বোধনের অপেক্ষায় আইসিইউ’ তথ্যে এ বিভ্রান্তি ছড়ায়।
এ নিয়ে শিক্ষামন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর সদরে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই টিভি চ্যানেলের অনুষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, চাঁদপুরে আইসিইউ স্থাপনের চেষ্টা করছি অনেক দিন থেকে। কিছুদিন আগে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে চারটি ‘আইসিইউ বেড’ চাঁদপুর সদর হাসপাতালের জন্য পাওয়া গেছে শুনলাম তখন বিপুল উৎসাহে আইসিইউ স্থাপনের জন্য স্থান ঠিক করে সব ব্যবস্থা করে ফেলতে শুরু করলাম সবাই মিলে। যখন বাক্স খুলে শুধু চারটি বেড, চারটি জাজিম/ম্যাট্রেস ও চারটি সাইড ক্যাবিনেট পাওয়া গেল তখন সবাই একটু অবাক হলাম। কারণ আইসিইউয়ের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটর, মনিটর, এবিজি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি ছাড়া কোনো আইসিইউ হতে পারে না।
শিক্ষামন্ত্রী আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আইসিইউর জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি পাঠাবেন। জনবল দেবেন বলেছিলেন, প্রক্রিয়া চলছিল- আজ আদেশ হয়েছে। সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্ট বসানোর কাজও প্রায় নব্বই শতাংশ হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি পেলে আইসিইউ চালু করা যাবে। কারও কোনো উদ্বোধনের অপেক্ষায় কোনো আইসিইউ বসে নেই। পরিবেশিত তথ্য যদি সত্য না হয় তবে তা অহেতুক বিভ্রান্তি ছড়ায়। সবাই বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবেন এ প্রত্যাশা করি।
মন্ত্রী বলেন, গত বছর করোনার তাণ্ডব শুরুর পরপরই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে চাঁদপুরের মানুষের জন্য সদর হাসপাতালের ৩০টি বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানো ও ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ করার সৌভাগ্য হয়েছিল। করোনা শনাক্তকরণের সুবিধা যেন হয় সেজন্যই ল্যাব স্থাপন করা হয়েছিল। কারণ সে সময় টেস্টের অপ্রতুলতার কারণে ফলাফল পেতে অনেক বেশি দেরি হয়ে যেতো। যারা এ কাজগুলোতে আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি আরও বলেন, চাঁদপুরের মানুষ তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দিয়ে যে সম্মান দিয়েছেন, তাদের যে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছেন আমার ওপর, যে অপার ভালোবাসা দিয়েছেন, সেই ঋণে আমি তাদের কাছে আবদ্ধ আজীবনের জন্য। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে এবং বঙ্গবন্ধু কন্যার একজন স্নেহধন্য কর্মী হিসেবে চাঁদপুরের মানুষ তথা দেশের জনগণের সেবা, দেশের সেবাই আমার ব্রত। কোনো বিভ্রান্তিকর তথ্য সেই ব্রত থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না কখনো ইনশাআল্লাহ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ