
কঠোর বিধিনিষেধ চলাকালে গাজীপুরে দূরপাল্লার ৪৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত এসব দূরপাল্লার বাসগুলো মহাসড়ক থেকে আটক করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাত ও শুক্রবার দিনের বেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে সাতটি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। পরে এসব বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পর্যায় ক্রমে আইনি প্রক্রিয়া শেষে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।
এদিকে সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ও মৌচাকসহ বিভিন্ন এলাকা থেকে ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে এসব বাস চলাচল করায় প্রতিটি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই বিধিনিষেধ চলাকালীন মহাসড়কে লোকাল অথবা দূরপাল্লার বাস চলতে দেওয়া হবে না। রাতের বেলায় বিধিনিষেধ শিথিল থাকে। এ সুযোগে কিছু দূরপাল্লার বাস রাতে এসব মহাসড়কে চলাচল করে। পরে রাতে চেকপোস্ট বসিয়ে ৪০টি দূরপাল্লার বাস আটক করা হয়েছে। পর্যায়ক্রমে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ