
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশ ফেরত ছেলে শারফুল ইসলামকে (৩২) বাবা, মা ও ছোট ভাই মিলে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা ইসহাক ঢালীকে(৫৫)গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পাগলা থানার ওসি মো.রাশেদ্দুজামানের নেতৃত্বে একদল পুলিশ শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের বোন শেফাশী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে।এ ঘটনায় অভিযুক্ত বাবা ইসহাক ঢালীকে গ্রেফতার করলেও মা হোসনে আরা ও ছোট ভাই আশরাফুল ঢালী (২৫) পলাতক রয়েছে।
উল্লেখ্য, প্রবাসে আয়ের হিসাব নিয়ে এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঝগড়ার একপর্যায়ে পিতা ইসহাক ঢালী, মা হোসেনা আরা ও ছোট ভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথায়, পা ও বুকে এলাপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে প্রায় অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবন্ধ করে রাখে।শারফুল ঢালীর চিৎকারে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে ইসহাক ঢালী, হোসনে আরা, আশরাফুল ঢালী ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। ওই দিন বিকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ শারফুল ঢালীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালীর মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই