
হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, গত ১০ মাসে শুধু গতির অসুস্থ প্রতিযোগিতা রোধে প্রায় চার হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে এই অঞ্চলের মহাসড়কে গতির অসুস্থ প্রতিযোগিতা অনেকটা কমে এসেছে। অনেকাংশে কমেছে দুর্ঘটনাও।
তিনি বলেন, আইন অনুযায়ী মহাসড়কের উভয়পাশের ১০ মিটার জায়গা হাইওয়ে পুলিশের অধীনে। এসব জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সোমবারও হবিগঞ্জর ওলিপুরে মহাসড়কের ওপর থাকা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য দেন।
দক্ষিণ সুরমার আলমপুরস্থ হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান, প্রথম আলো সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ, জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু ও জেলা প্রেসক্লাবের সদস্য শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
দুর্নীতির প্রতি নিজের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের প্রধান শহিদ উল্লাহ বলেন, আমাদের বাহিনীর কোনো সদস্য দুর্নীতি বা যে কোনো ধরনের অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ