
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা করতে লন্ডনে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ১০ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে তাকে বিদেশ নেয়ার তোড়জোড় শুরু হয়। ১৫ এপ্রিল প্রথমবারের মতো হাসপাতালে নেয়ার পরের দিন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম তার বোনকে বিদেশে চিকিৎসার জন্য নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই আবেদনে এখনও সারা পাওয়া যায়নি।
সূত্র জানায়, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান চাচ্ছেন খালেদা জিয়াকে বিশেষ বিমানে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে। এ বিষয়ে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। সরকারের পক্ষ থেকে গ্রীন সিগন্যাল পেলেই যে কোনো সময় বিশেষ বিমানে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের কাছে ফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, নো কমেন্টস।
তবে সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কে ফোন করেছেন বলে বিএনপি সূত্রগুলো থেকে নিশ্চিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই