
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার প্রতিবাদে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন তারা।
ছাত্রদের চুল কাটার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত উপাচার্য আবদুল লতিফ সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ছাত্রদের বিচারের আশ্বাস দিয়ে বলেন, আপনাদের দাবি-দাওয়া লিখিত আকারে জমা দিন। প্রক্টরিয়াল বডি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষক ও শিক্ষার্থী যেই অপরাধী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই