
নোয়াখালী কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় সিএনজি চালক আলা উদ্দিনের ভাই বাদী হয়ে আবেদনটি করেন। এর আগে বিকেল থেকে পৌরভবনটি ঘিরে রেখে পুলিশ ও র্যাব। এতে বসুরহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল থেকেই পৌরভবনে ছিলেন কাদের মির্জা। মামলার বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় জানতে চাইলে ডিউটি অফিসার এসআই ইয়ামিন আরটিভি নিউজকে বলেন এখনও এফআইআর হয়নি। পরে বিষয়টি জানানো হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সাংবাদিকদের জানান, পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এর আগে স্থানীয় আওয়ামী লীগ বিবদমান কাদের মির্জা ও বাদল সমর্থিত দুই গ্রুপের দফায় দফায় হামলা সংঘর্ষে সাংবাদিকসহ দুই জন নিহত হওয়ায় পর দোষীদের ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে (৫০) গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ সুপার আলমগীর হোসেন।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে সাদা পোশাকে একদল পুলিশ বাদলকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ভিন্নবার্তা/এমএসআই