
ব্যস্ত এক বছর অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। ২০২১ সালেও কম ব্যস্ততা ছিল না। তবে ২০২২ সালের প্রথম দিন থেকেই মাঠের লড়াই শুরু হবে টাইগারদের। যা চলবে একদম বছরের শেষ মাস পর্যন্ত। একগাদা আন্তর্জাতিক সূচির মাঝেই আবার আয়োজন করতে হবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল।
গত কয়েক মাস ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে, ২০২২ সালের ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বিপিএল আয়োজনের কথা ভাবা হচ্ছে। সেই অনুযায়ীই এগুচ্ছিল সবকিছু। কিন্তু এখন ভাবনায় লাগাম টানতে হচ্ছে জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের কারণে।
গত ১০ ডিসেম্বর (শুক্রবার) দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। যেখানে সাতদিনের কোয়ারেন্টাইন শেষ করে এরই মধ্যে দলীয় অনুশীলন শুরু করে দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়া এবং ফ্লাইটে করোনা আক্রান্ত এক ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে থাকায় বেড়ে গিয়েছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে বাংলাদেশ দলকে। এর আগে সোমবার করা হবে আরেকটি করোনা টেস্ট। এর পরীক্ষার ওপর নির্ভর করছে সিরিজের ভবিষ্যত। আর এই সিরিজের সিদ্ধান্তের ওপরই ঝুলে আছে বিপিএলের ভাগ্য।
শনিবার বিসিবির জরুরি সভার পর সংবাদমাধ্যমে পাপন বলেছেন, ‘বিপিএলের দুইটা ইস্যু আছে। এটা (নিউজিল্যান্ড সিরিজ) টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সঙ্গে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে সুপার লিগ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।’
কিন্তু এই গুরুত্বপূর্ণ বিপিএল আয়োজনের জন্য খুব বেশি সময় থাকছে না বিসিবির হাতে। নিউজিল্যান্ডে দুই ম্যাচের সিরিজ পূর্ব ঘোষিত সূচিতেই হলে দেশে ফিরতে প্রায় ১৫ জানুয়ারি হয়ে যাবে ক্রিকেটারদের। এরপর হাতে থাকবে মাত্র ৪-৫ দিন। আবার বিপিএল শেষ হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে ওয়ানডে সিরিজ।
তাই বিপিএল আয়োজনে কিছু বিষয় কাটছাঁটের চিন্তাও রয়েছে বিসিবির। এ বিষয়ে পাপন বলেছেন, ‘কীভাবে করবো বিপিএল? সময় কতটুক পাবো? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে (নিউজিল্যান্ড) আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করবো বলিনি, তবে এমন সুযোগ আছে। তিনটা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি।’
এমনকি ছয় দলের পরিবর্তে দল কমানোর ভাবনাও রয়েছে বিসিবির, ‘বিপিএলের দল ছয়টির জায়গায় পাঁচটি করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নেবো।’
ভিন্নবার্তা ডটকম/এন