
ভিন্নবার্তা প্রতিবেদক: জনঘনত্বের বিচারে ওয়ার্ডভিত্তিক উন্নয়নে মহাপরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শেখ তাপস বলেন, আমরা ৩০ বছর দীর্ঘ-মেয়াদী যে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি, সেই কার্যক্রম শুরু করেছি। এরই মাঝে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এবং তারা প্রাথমিক কার্যক্রমও আরম্ভ করেছে। আমরা সেই মহাপরিকল্পনায় ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেবো। এলাকার চাহিদা নির্ধারণ করে এবং জনঘনত্বকে বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে আমাদের মহাপরিকল্পনার আওতায় আনা হবে।
মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ৯ম বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই তথ্য জানান।
শিগগিরই কাউন্সিলরদেরকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নে চুক্তিকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করা হবে জানিয়ে শেখ তাপস বলেন, ঢাকা শহরে যে সকল সরকারি সংস্থা কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে নিয়ে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আমরা একটি মতবিনিময় সভা করেছি।
কাউন্সিলরদেরকে নিয়েও একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে তারা সুচিন্তিত মতামত দেবেন, তারা সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও চাহিদা তুলে ধরবেন।
অন্যান্য বছরের তুলনায় ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবলে নাজেহাল হতে হয়নি উল্লেখ করে শেখ তাপস বলেন, আমরা লক্ষ্য করেছি, এর আগের বছরগুলোতে ঢাকা শহর অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়ে যেতো।
শেখ তাপস এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে কাউন্সিলরদের চলমান সার্বিক তৎপরতার প্রশংসা করেন এবং ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ হতে মুক্তি দিতে আরও জোরদার করার আহবান জানান। বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও অন্যান্যের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব মো. আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, করপোরেশনের বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন