
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির স্বপ্নপূরণ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হিসেবে অভিহিত করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ অডিটোরিয়ামে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তাকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হিসেবে অভিহিত করেন মন্ত্রী।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকেও স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি, ‘আমাদের দাবায়ে রাখতে পারবা না’। তিনি জাতির স্বপ্নপূরণ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।
তিনি বলেন, বিশ্বে ক্ষুধার্ত ও প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার বেগম।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিল।
আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন প্রতিমন্ত্রী।
ভিন্নবার্তা ডটকম/এন