
ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন।
বিষয়টি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে ইভানার লাশ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এর পর ২৫ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন বাদী ইভানার বাবা এএসএম আমান উল্লাহ চৌধুরী।
এতে আসামি করা হয় আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও মুজিবুল হক মোল্লাকে।
ইভানা রাজধানীর পরীবাগে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই ইভানাকে তার স্বামী রুম্মান শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। কিছু দিন আগে ইভানা জানতে পারেন, রুম্মান ব্যারিস্টার সানজানা ইয়াসিন খানের সঙ্গে পরকীয়ায় লিপ্ত।
পরে ইভানা তার স্বামী রুম্মান ও সানজানার মধ্যে হোয়াটসঅ্যাপে প্রেমালাপের প্রমাণও পান এবং তার স্ক্রিনশর্ট নিয়ে বন্ধুদের মেসেঞ্জারে পাঠান। এ ছাড়া বেশ কিছু দিন ধরে রুম্মান ইভানাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিল, যাতে রুম্মান নির্বিঘ্নে সানজানার সঙ্গে ফোনে প্রেমালাপ করতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন