
ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার তিন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ব্যাংকটি। ভল্টের ১৯ কোটি টাকার গরমিলের ঘটনায় তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
গরমিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর পরই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকটি জানিয়েছে, ব্যাংকিং সময় শেষ হওয়ার পর একজন ভিআইপি গ্রাহককে ভল্ট খুলে ১৯ কোটি টাকা দেয়া হয়েছে। ওই সময়ে ব্যাংকের ও কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় হিসাবটি সমন্বয় করা যায়নি।
উল্লেখ্য, দেশের বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে এসেছে। গত সোমবার এ ঘটনা উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংক।
ভিন্নবার্তা ডটকম/এন