
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি বের করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। র্যালিতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলে দলে অংশ নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকেই ব্যানার, ফ্যাস্টুন, পতাকা, নৌকা, বাদ্যযন্ত্র নিয়ে র্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ২টায় র্যালিটি শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুটি ট্রাকে বানানো হয়েছে মঞ্চ। বিজয় র্যালি উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।
এদিকে, বিজয় র্যালির কারণে বিকল্প সড়কে যান চলাচল করছে। এই র্যালি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। র্যালি শুরুর পর থেকে এসব এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও এসব এলাকায় যান চলাচল করতে পারছে না।
সামসুল হক নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ‘বাইক নিয়ে দেড় ঘণ্টা ধরে শাহবাগে একই জায়গায় বসে আছি। কোনোভাবেই নড়তে পারছি না। এই সড়ক পার হতে কত সময় লাগবে বলা যাচ্ছে না।’
ভিন্নবার্তা ডটকম/এন