
‘অনেক দিন পর ম্যাডাম আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলেছেন। সালাম দিয়ে জানতে চেয়েছি, কেমন আছেন? ম্যাডাম বললেন, আলহামদুলিল্লাহ ভালো। তিনি জানতে চান, আমরা (চিকিৎসকরা) ভালো আছি কি না? বাসায় যাই কি না? হাসপাতালে আমাদের সব ঠিকঠাক আছে কি না?’ এই কথোপকথন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া ও তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্যের। গণমাধ্যমকে বোর্ডের ওই চিকিৎসক নিশ্চিত করেন, বিএনপি চেয়ারপারসন ঈদের আগেই কেবিনে ফিরতে পারবেন বলে তারা আশা করছেন। তিনি ধীরে ধীরে ইম্প্রুভ করছেন। এতে স্বস্তি বিরাজ করছে মেডিকেল বোর্ডে।
খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক সোমবার রাতে জানান, ‘সি ইজ ইম্প্রুভিং ডে বাই ডে। শঙ্কা কাটতে শুরু করেছে। মোটাদাগে বলা যায়, আগের চেয়ে ভালো আছেন। দুদিন ধরে অক্সিজেন লাগছে না। দ্যাটস গুড সাইন ফর হার। সোমবারও ডিউটি ডাক্তাররা তাকে দেখেছেন। মেডিকেল বোর্ড বসেছিল। তবে সাধারণ মেডিকেল বোর্ড ছিল। এখানে বিদেশি কোনো চিকিৎসক ছিলেন না। বোর্ড মনে করছে দু-তিন দিনের মধ্যেই খালেদা জিয়াকে সিসিইউ থেকে স্থানান্তর করে কেবিনে আনা সম্ভব হবে। তিনি জানান, আপনাদের সবার দোয়ায় বড় ঝুঁকি কেটেছে ওনার। তবে ফুসফুস থেকে এখনও ৫০-এর বেশি মিলিলিটার পানি অপসারণ করা হচ্ছে। আশা করা যায়, এটা দুয়েকদিনের মধ্যেই ২০ মিলিলিটারের নিচে চলে আসবে।’
খালেদা জিয়ার অস্থিরতা নেই জানিয়ে ওই চিকিৎসক জানান, তবে দুর্বলতা ও ক্লান্তি রয়েছে। পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করছেন। করোনা নেগেটিভ এসেছে এটা বড় কোনো বিষয় নয়। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ব্লাড সেল স্বাভাবিক রয়েছে কি না- তা দেখার জন্য এক সপ্তাহ পর খালেদা জিয়ার কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট করানো হবে। রক্তের হিমোগ্লোবিনও বাড়ছে। দশের কাছাকাছি আছে। রক্তের আয়রনের মাত্রাও ধীরে ধীরে বাড়ছে।
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, ‘আসলে দেখুন, ম্যাডাম এসব বিষয়ে কী বলবেন? ওনাকে আমরা এসব বিষয়ে বলি না। আমাদের বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ পরিবারসহ দায়িত্বশীলদের জানিয়ে দিই। ম্যাডাম চিকিৎসা নিচ্ছেন শুধু। পরিবারের সদস্যরা এসে ওনার সঙ্গে কথা বলেন। মেডিকেল বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল আছে পোস্ট কোভিড জটিলতায় ওনাকে ‘হাইয়ার সেন্টারে’ ট্রিটমেন্ট নেওয়ার। পরিবার তো চাচ্ছে এবং নানাভাবে চেষ্টাও করছে। ইটস নট আওয়ার পার্ট।’
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা অব্যাহত আছে। খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে। তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
এদিকে দলের নেত্রীর বিদেশে চিকিৎসা নেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এখন তারা পরিবারের সঙ্গে সমন্বয় করে দলীয় ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আদালতে যাবেন কি না, জবাবে তিনি বলেন, পরিবার তো সরকারের কাছেই আবেদন করেছে।
গত ৩ মে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। এ ছাড়া বিভিন্ন দল ও সংগঠন একই দাবিতে বিবৃতি দিয়েছে। সোমবার দুপুরে পৃথক বিবৃতিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ২০-দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির (একাংশ) এ দাবি জানিয়েছে। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আমরা বিশ্বাস করি সরকার মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেবে। তা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ২০-দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারা বলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো এ সরকার কতটা অমানবিক। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানও খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্তকে অমানবিক উল্লেখ করেছেন। সূত্র: সময়ের আলো।
ভিন্নবার্তা ডটকম/এসএস