
গ্রামের দরিদ্র পরিবারের ছেলের জীবন রাতারাতি বদলে গিয়েছিল। আইপিএলের সুবাদে নিজের গ্রামে তিনি নায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু স্বপ্নের ঘোর কাটতে বেশি দিন সময় লাগেনি। অতীত আইপিএল নায়ক কামরান খান আবার ফিরে গিয়েছেন বিস্মৃতির অন্ধকারে। ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ৩২১ কিমি দূরে অখ্যাত মউ জেলার নাড়ওয়া সরাই গ্রামের বাসিন্দা কামরান খানের জীবনকাহিনী সিনেমার চেয়েও কম কিছু নয়।
কামরানের বাবা ছিলেন কাঠুরে। কখনও কখনও ট্যাক্সিও চালাতেন। মা বিড়ি বানানোর কাজ করতেন। কামরান কোনো ব্যকরণ রপ্ত না করেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন। ছোটখাটো এক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তাকে দেখেছিলেন ড্যারেন বেরি। তিনি সে সময় ছিলেন রাজস্থান রয়্যালসের মূল প্রশিক্ষক। ড্যারেন বেরি প্রতিভা চিনতে ভুল করেননি। যে কারণে কামরান দ্রুত ডাক পেয়েছিলেন রাজস্থান রয়্যালসের ট্রায়ালে। একমাত্র সম্বল সাদা জামাটি ধুয়ে পরিস্কার করে সেটা পরেই কামরান ট্রায়ালের পথে রওনা হন।
এটা ২০০৯ সালের গল্প। ট্রায়ালে যোগ দিতে যাওয়ার পথে হোটেলে থাকার পয়সা ছিল না। কামরান বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কিনে রাত কাটিয়েছিলেন। ট্রায়ালে তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন রাজস্থান রয়্যালসের তৎকালীন অধিনায়ক শেন ওয়ার্ন। ছোটখাটো চেহারার কামরানকে ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারেন। ওই বছরই রাজস্থান রয়্যালসে যোগ দেন কামরান। সেটা ছিল আইপিএলের দ্বিতীয় মৌসুম।
এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম সুপারওভারে বল করেছিলেন কামরান। রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ টাই করিয়ে সুপারওভারে নিতে তিনি ছিলেন অন্যতম কারিগর। আউট করেছিলেন ক্রিজে সেট হয়ে যাওয়া অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। সেদিনের ১৮ বছরের তরুণ তুর্কি কামরানের বয়স এখন ২৯। এখনও তার জীবনের সেরা মুহূর্ত সেই আইপিএল ম্যাচে সুপারওভারে কলকাতা নাইট রাইডার্সকে ৩ রানে হারিয়ে রাজস্থানকে জয় এনে দেওয়া। শেন ওয়ার্ন এখনও তার কাছে রোল মডেল।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের দুটি মৌসুমে খেলেছেন কামরান। ২০০৯ সালে আইপিএলে অভিষেকের পাশাপাশি অন্য এক দিক থেকেও কামরানের জীবন ঘটনাবহুল। আইপিএলেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। দুই সপ্তাহের জন্য তাকে রিহ্যাবে পাঠানো হয়। ফিরে আসার পরে তার বোলিং অ্যাকশন পাল্টে যায়। সেইসঙ্গে হারিয়ে ফেলেন নিজের পুরনো ফর্ম। ২০১১ সালে কামরান যোগ দেন পুনে ওয়ারিয়র্সে। সেটি তার কাছে ক্যারিয়ারের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত।
পুনের হয়ে সেই মৌসুমে একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন কামরান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে কামরান বেদম পিটুনি খেয়ে ২ ওভারে ৩৭ রান দিয়েছিলেন! বাকি টুর্নামেন্টে চোট আঘাতের কারণে পুনের রিজার্ভ বেঞ্চেই তার দিন কেটেছিল। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই আইপিএলে অভিষেক হয়েছিল কামরানের। ২০১১ সালের পর তিনি আর কোনো দলে ডাক পাননি। তার ২ বছর পরে শ্রীলঙ্কার কোল্টস ক্রিকেট ক্লাবের হয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটের দুনিয়ায় পা রাখেন। আইপিএলের প্রত্যেক মৌসুমে সংবাদমাধ্যমের কোথাও না কোথাও ভেসে ওঠেন কামরান খান।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, তিনি নাকি ক্রিকেটে সুযোগ না পেয়ে কৃষিকাজ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কামরান জানিয়েছেন, সেই তথ্য ঠিক নয়। তিনি কৃষিকাজ করছেন বটে, তবে সেটা ক্রিকেট ছেড়ে নয়। ক্রিকেট অনুশীলন তিনি বন্ধ করেননি। লকডাউনের মাঝে মুম্বাইয়ে অবস্থান করছিলেন। আবাসনের পার্কিং জোনে ক্রিকেট অনুশীলন শুরু করলেও প্রতিবেশিদের অভিযোগের কারণে চালিয়ে যেতে পারেননি। তাই মুম্বাই থেকে আপাতত নিজের গ্রামে ফিরে গিয়েছেন কামরান। সেখানেই চলছে অনুশীলন। ২৯ বছর বয়সী কামরান আবারও ক্রিকেটে ফিরতে চান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ