
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পড়ার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতান্ত্রিক সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয়নি। এরপর আমরা দেখলাম, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তারা নয়, তাদের সন্তানদেরও নিষিদ্ধ করা হয়েছে সেখানে লেখাপড়া করার ক্ষেত্রে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি মন্ত্রণালয়ও (অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়) নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি থাকলে তাও বাজেয়াপ্ত হবে। এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী। আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজকের পুলিশ প্রধান ২০১৪-১৫ সালে বলেছিলেন, তোমাদের হাতে বন্দুক দেয়া হয়েছে, পকেটে গুলি দেয়া হয়েছে কী পকেটে রাখার জন্য? অর্থাৎ দেশের বিরোধী দলের নেতাদের বুক গুলি করে ঝাঁজরা করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন এই ব্যক্তি। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো তারা তো আপনাদের মতো চোখ বন্ধ করে নেই। তারা জানে, বাংলাদেশে কী হচ্ছে। তারা জানে, ইলিয়াস আলী-চৌধুরী আলম-সাইফুল ইসলাম হিরু নেই কেন, এটার সাথে জড়িত কারা। একটা কথা মনে রাখা উচিত, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়ে যায় না।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত এবং জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্য দেয়ার প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
রিজভী বলেন, বিশ্বের নাগরিকবৃন্দ, সুশীল সমাজ, জাতিসংঘ কে কী বলল এতে তার (প্রধানমন্ত্রীর) কিছু যায়-আসে না। তার মূল লক্ষ্য, তাকে ক্ষমতায় থাকতে হবে। আর ক্ষমতায় টিকে থাকার পথের বাধা মনে করেন দেশনেত্রী খালেদা জিয়াকে। তাই শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার কোনো মানবাধিকার থাকতে নেই। তার নাগরিক হিসেবে কোনো অধিকার থাকতে নেই। তার চিকিৎসার অধিকার থাকতে নেই।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আরও বক্তব্য রাখেন-সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কাদের গনি চৌধুরী, আবেদ রাজা, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সেলিম, সহসভাপতি ডা. শহীদ হাসান, ডা. সিরাজ, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. মেহেদী হাসান, যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন