
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে ৪টি অবৈধ বন্দুক, বেশ কিছু গুলি, গুলির খোসা, রাম দা ও অন্যান্য অস্ত্রসহ সন্ত্রাসী শফি আলম ওরফে টোনাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।
জানা গেছে, বুধবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া ভাণ্ডারিঝিরি নামক পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক টোনাইয়া ফকিরজুমপাড়ার মৃত বদিউল আলমের পুত্র।
অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে আলোচিত রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে পাহাড়ের বার্মাইয়্যা ইউনুচ বৈদ্দ্যের বাড়ির পাশের আস্তানা থেকে অস্ত্র ও গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি ওয়ান শুটারগান, ২টি থ্রি কোয়াটারগান, ১টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, তিনটি কার্তুজ, দুটি রাইফেলের গুলি, বেল্টভর্তি নয়টি কার্তুজের খোসাসহ দুইটি রাম দা ও ৩টি ধারালো অস্ত্র।
মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই জানান, অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার হওয়া শফি আলম প্রকাশ টোনাইয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআই মোহাম্মদ মুফিজ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন এসআই আবু বক্কর ছিদ্দিক। বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করে ৪ দিনের রিমান্ড চাওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই