
অবৈধ সম্পদসহ দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন- তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবুবকর সিদ্দিকুর রহমান।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা তাদের বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ শাখা।
এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) তিতাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময় আরও দুইজন জিজ্ঞাসাবাদে অনুপস্থিতি ছিলেন।
এদিন যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন- তিতাস গ্যাসের সিনিয়র সুপারভাইজার ও সিবিএ নেতা জাকির হোসেন, জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, বিক্রিয় সহকারী ও সিবিএ নেতা এস.এম. হারুণ আল রশিদ, জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ও সিবিএ নেতা ফারুক আহমেদ ও সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ।
এর মধ্যে ফারুক আহমেদ ও মো. দেলোয়ার মোর্শেদ জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি।
দুদক সচিব জানান, তিতাসের জ্যেষ্ঠ সুপার জাকির হোসেনের মেটাবিবি-৩ এর নবীনবাগে ছয়তলা বাড়ি রয়েছে, স্ত্রীর নামে জুরাইন স্টেটে রয়েছে ৩ কাঠা জমি ও পুরাণ ঢাকায় ফ্ল্যাট আছে।
সংস্থাটির সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদের নামে ঢাকায় রয়েছে ফ্ল্যাট। বাকিদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সচিব বলেন, অবৈধভাবে লাইন সংযোগ স্থাপনের মাধ্যমে তারা এই সম্পদ অর্জন করেছেন। দুর্নীতির শেকড় যত গভীরে যাবে তদন্তকারী সংস্থা হিসেবে দুদকও সেখানে যাবে।
গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের ৫-৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন