
সিলেটে অপহৃত ভারতীয় এক নাগরিককে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও কোতোয়ালি থানা পুলিশ।
রোববার (০৪ অক্টোবর) রাতে নগরের শেখঘাট কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনির বাসিন্দা সুজিত বিশ্বাসের বসতঘর থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক ওয়ানসিম্পার বিয়াম (২৬) ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তাহিল জেলার লাদরাইমাল এলাকার ওয়ানসুক ব্লাহর ছেলে।
ওয়ানসিম্পার বিয়ামকে অপহরণের দায়ে ৪ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তারা হলেন— সিলেটের জৈন্তাপুর কেন্ডি কাঁঠালবাড়ি এলাকার অরুণ কুমার বিশ্বাসের ছেলে নীল মনি বিশ্বাস (২৫), একই গ্রামের অতুল দেবনাথের ছেলে দোলন দেবনাথ (২২), উপজেলার চানপুর গ্রামের মহানাথ বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৩৭) এবং জৈন্তাপুর উপজেলার শিকারখাঁ গ্রামের মৃত মন্নমের ছেলে নিতাই নম (২৮)। অভিযানকালে আসামিদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ভারতীয় এই নাগরিক বাংলাদেশি নাগরিকের কাছে গরু কেনাবেচার উদ্দেশ্যে সিলেটের জৈন্তাপুরের কেন্ডি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু ও একই গ্রামের মৃত টিয়া বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে কথা বলেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপচেলার তামাবিল স্থলবন্দরের পূর্বে কাঁটাতার বিহীন সীমান্ত অতিক্রম করে অনুমান ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে আটকরা তাকে অপরহণ করে সিলেট নগরের শেখঘাট কলাপাড়ায় এনে আটকে রাখেন।
পুলিশ জানায়, ভারতীয় এই নাগরিক বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পাসপোর্ট/ভিসা ছাড়া কীভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন তারও কোনো সঠিক জবাব দিতে পারেননি। পাসপোর্ট ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতীয় এই নাগরিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশি নাগরিক নীল মনি বিশ্বাস, কৃষ্ণ, দোলন দেবনাথ, সুজিত বিশ্বাস, নিতাই নম, দেলোয়ার হোসেন দিলু এবং রিপন বিশ্বাস পরস্পর যোগসাজশে ভারতীয় নাগরিক ওয়ানসিম্পার বিয়ামকে অপহরণ করায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ