
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় একটি স্টুডিওর ভিতরে ভয়াবহ এসি বিস্ফোরণে রাজু সাহা (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের তেরীবাজার এলাকায় হিল্লোল মার্কেটের হেনা ডিজিটাল নামক মাল্টিমিডিয়া কালার ল্যাব স্টুডিওতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে তেরীবাজারের ‘হেনা ডিজিটাল’ নামক নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বসে কাজ করছিলেন রাজু সাহা। হঠাৎ বিকট শব্দে দোকানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তর করা হয়।
নেত্রকোনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার জানান, দগ্ধ রাজুর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিস্ফোরণ, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।