
রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ৪র্থ ধাপে ৩০৬ জন বরাদ্দ গ্রহীতাকে লটারীর মাধ্যমে ফ্ল্যাটের আইডি নম্বর প্রদান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যারা ৪র্থ কিস্তি পর্যন্ত পরিশোধ করেছেন তাদের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি নম্বর প্রদান করা হয়েছে।
রোববার রাজউক ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরাদ্দ গ্রহীতাদের ফ্ল্যাটের এ আইডি নম্বর দেয়া হয়। এসময় রাজউক চেয়ারম্যান সাঈদ নূর আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, প্রকল্পের এ ব্লকের প্রায় ৮৭ একর জমিতে ৭৯টি ১৬-তলা ভবনে গ্রস ১৬৫৪ বর্গফুট (নীট-১২৭৬ বর্গফুট) আয়তনেয় ৬৬৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩টি ভবনে ৬১৩২টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৬টি ভবনে ৫০৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান আছে।
জানা গেছে, সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সমস্যা নিরসনের লক্ষ্যে বহুতল এপার্টমেন্ট ভবন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করে রাজউক। ঢাকা মেট্রোপলিটন নগরী বর্তমানে একটি ব্যস্ততম জনবহুল নগরী। চাকুরী, ব্যবসা এবং অন্য বহুবিধ কারণে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস করছে। এ বিপুল সংখ্যক মানুষের জন্য প্রয়োজনের তুলনায় বাসযোগ্য জায়গা অশ্রতুল। ফলে দিনের পর দিন ঢাকা মহানগরী ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে পড়ছে।
এর সবকিছুই হচ্ছে পরিকল্পিত নগরায়নের অভাবে। ঢাকা মহানগরীর চতুর্দিকে পরিকল্পিত স্থায়ী আবাসনের ব্যবস্থা করে ক্রমবর্ধমান আবাসন সংকটের চাপ কমানোর লক্ষ্যে নিম্ম ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর আবাসনের সমস্যা বিবেচনায় রাজউক বহুতল এপার্টমেন্ট ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বহুতল এপার্টমেন্ট ভবন নির্মাণ করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফ্ল্যাট বরাদ্দ প্রদান করাই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে রাজউক জানিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই