
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক মাদ্রাসাছাত্রী।
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার বিয়ে বন্ধ করেন।
এলাকাবাসী জানান, উপজেলার পীরযাত্রাপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীন ও তার পরিবার বৃহস্পতিবার সকাল থেকে মেয়ের বিয়ের প্রস্তুতি নেন। তার মেয়ে তানিয়া আক্তার সাদকপুর মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। পাত্রের বাড়ি একই উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে।
বাল্যবিয়ের খবর পেয়ে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার দুপুরে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন।
তাহমিদা আক্তার জানান, বাল্যবিয়ের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের পরিবারকে জরিমানা করা হয়। এ ছাড়া ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছে মেয়ের পরিবার। মুচলেকা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ