
বান্দরবান পৌর শহরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভিকটিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রফিক (২৫) ও জিহাদ (১৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে। জয়নাল পলাতক রয়েছে। আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, শনিবার বিকেলে ভিকটিম নিজে থানায় এসে নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অপর অভিযুক্ত জয়নালকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর শুক্রবার রাতে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের সিকদার পাড়ার কাছাকাছি একটি পাহাড়ে গণধর্ষণের এ ঘটনা ঘটে।
ভিকটিমের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়, প্রতিবেশী জয়নাল (৩০) জরুরী কথা বলার নাম করে তাকে পার্শ্ববর্তী পাহাড়ে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হয় রফিক ও জিহাদ। তারা ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
ধর্ষণের পর যুবকরা তাকে ঘটনা প্রকাশ করলে ধারণ করা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
পুলিশ বলেছে, পলাতক জয়নালকে আটক করার জন্যে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ