
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোয়াইল গ্রামের মো. জামাল হোসেনকে শনিবার সকালে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে পোয়াইল গ্রামের জামালের প্রতিবেশী এখলাস মোল্যা জানান, ২০১৯ সালের ৫ এপ্রিল উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার মাতুব্বর নামের একজন নিহত হয়। দেলোয়ার নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় বোয়ালমারী থানায়। এ মামলার প্রত্যক্ষদর্শী (১ নম্বর সাক্ষী) ছিলেন মো. জামাল হোসেন ওরফে জামাল মাতুব্বর।
জামালকে ওই হত্যা মামলায় সাক্ষ্য না দিতে বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলে জামালের পারিবারিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে চলতি বছরের ২০ আগস্ট জামাল বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জের ধরেই পোয়াইল গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে বলে সূত্র জানায়।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, দেলোয়ার হত্যার আসামিরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ