
আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে প্রধান সমন্বয়কারী করে ৩৪ সদস্যের কমিটি করা হয়েছে। গতকাল বুধবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
প্রধান সমন্বয়কারী ছাড়াও সমন্বয়কারী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবদুস সালাম। কমিটির সদস্যসচিব করা হয়েছে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে।
কমিটির সদস্যদের মধ্যে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডা. আব্দুল হালিম ডোনার, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ