
এক কেজি ৩৯৯ গ্রাম স্বর্ণসহ তিনজনকে রাজশাহী থেকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃতরা হলেন- সুব্রত কর্মকার (২৭), মিলন হালদার (২৮) ও মো. আলাল (৪৫)।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. জাকারিয়া আজমের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
টহল দল রাজশাহী বেলপুকুর চেকপোস্টে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্ (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৮২) তল্লাশি করে আলালের পায়ের চামড়ার স্যান্ডেলের ভেতর হতে ১২ (বার)টি স্বর্ণের বার (প্রতিটির ওজন-১১৬.৬৪ গ্রাম করে) মোট ০১ কেজি ৩৯৯.৬৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।
পরবর্তী সময়ে আলালের দেওয়া তথ্যের ভিত্তিতে টহলদলটি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড থেকে পাচারের সঙ্গে জড়িত সুব্রত কর্মকারকে আটক করে। এর পর মহানন্দা ব্রিজের নিচ থেকে মিলন হালদারকে আটক করে।
স্বর্ণের বারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমনিক মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটকৃতদের বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ