
ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মামলায় আটক দুই ছাত্রকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
তারা হলেন- সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সরকারি চাকরিতে কোটা তুলে দেয়ার দাবিতে গড়ে ওঠা প্লাটফরম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা। সাইফুল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি নাজমুল। এই দুজনকে গতকাল আটক করা হয়। আজ তাদের গ্রেফতার দেখানো হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার রাজিব আল মাসউদ। তিনি গণমাধ্যমকে বলেন, রোববার রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন, অপহরণ করে ধর্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে ২১ সেপ্টেম্বর ওই ছাত্রী মামলা করেন।
এ মামলায় ৪ নম্বর আসামি সাইফুল ও ৫ নম্বর আসামি নাজমুল। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও আসামি।
ভিন্নবার্তা/এসআর