
অনিয়ম করায় বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এ কে এম সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে বারের নির্বাচনে আজীবন নিষিদ্ধ করা হলো। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত গওর আলী ভবনে বগুড়া বারের সাধারণ সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন বগুড়া বারের সভাপতি অ্যাড. মো. গোলাম ফারুক।
বগুড়া বারের সভাপতি অ্যাড. মো. গোলাম ফারুক জানান, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. লুৎফে গালিব আল জাহিদ মৃদুল ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক তারা নির্বাচিত হয়ে বারের বেশ কিছু অনিয়ম করেছে। তাতে বারের ক্ষতি সাধিত হয়।
এই অনিয়ম তদন্ত করে সাধারণ সভায় তাদেরকে নির্বাচনে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আর্থিকভাবে অ্যাড. সাইফুল ইসলামের ৩ লাখ টাকা, অ্যাড. লুৎফে গালিব আল জাহিদ ও অ্যাড. মোজাম্মেল হকের ১ লাখ ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ৭ দিন করে তারা কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। নির্বাচিত হয়ে অনিয়ম করায় সাবেক এই তিন আইনজীবী নেতা আর নির্বাচন করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাধারণ সভা নিয়ম অনুযায়ী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ