
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করায় ধন্যবাদ জানাতে স্ক্যান্ডিনেভিয়ার দুই আইন প্রণেতাকে টেলিফোন করেছেন।
মঙ্গলবার তারা এমন তথ্য জানিয়েছেন।-খবর এএফপির।
খ্রিষ্টান ডেমোক্র্যাটসের সুইডিশ সংসদ সদস্য ম্যাগনাস জ্যাকবসন টুইটারে লিখেছেন, আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় ছিলাম, এ সময় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করায় ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন করে ধন্যবাদ জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও বলকানস শান্তি সম্পর্কে আমাদের মধ্যে সুন্দর কথাবার্তা হয়েছে। আমি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়াসমূহের প্রতি শুভেচ্ছা জানাই। ডেস্কে বসা অবস্থায় ট্রাম্পের হাস্যোজ্জ্বল একটি ছবিও পোস্ট করেন তিনি।
এদিকে ডানপন্থী অভিবাসনবিরোধী প্রগ্রেস পার্টি নেতা নরওয়ের এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং-গিজেডে ইতোমধ্যে জানিয়েছেন, তিনিও সোমবার ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছেন।
তিনি কথোপকথনের বিস্তারিত প্রকাশে অস্বীকার করে বলেন, মনোনয়নের জন্য আমাকে ধন্যবাদ জানাতেই ফোন দিয়েছেন।
তিনি বলেন, আমি অবাক হয়ে যাই। এটা তো তার জন্য একটা ভাল কাজ। সবাই তো এমনটি করে না।
টাইব্রিং-জিজেডে এবং জ্যাকবসন সেপ্টেম্বরের গোড়ার দিকে ঘোষণা করেছিলেন যে, তারা দুজনেই ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম পাঠাবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ