
গোপালগঞ্জে বাসচাপায় মা ও তাঁর আট মাসের শিশুসন্তান নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার আট মাস বয়সের শিশুসন্তান আলি কাজী। নিহতদের বাড়ি একই উপজেলার ফলসি গ্রামে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের এস.আই প্রকাশ বিশ্বাস জানান, মা ও তার শিশু সন্তান একটি ভ্যান গাড়িতে করে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি গ্রামে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পেছন দিক থেকে কাশিয়ানী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। মারাত্মক আহত মা মীরা বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ