
এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে।
বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদান সহজতর করার লক্ষ্যে এবং করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে গতকাল বৃহস্পতিবার বহির্বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়।
সরাসরি টিকিট কেটে সিরিয়াল নেয়ার পাশাপাশি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মাধ্যমে সিরিয়াল গ্রহণ করা যাবে। অনলাইনে সিরিয়াল নেয়ার জন্য নির্ধারিত দিনের এক দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সিরিয়াল গ্রহণ করতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সিরিয়াল প্রাপ্ত রোগীরা অগ্রাধিকার পাবেন।
এদিকে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রযুক্তিগত সহায়তায় তৈরিকৃত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ট্রায়েজ ক্লিনিকের (বহির্বিভাগ) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিরও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়া, প্রোভিসি অধ্যাপক ডা: সাহানা আখতার রহমান, প্রোভিসি অধ্যাপক ডা: মুহাম্মদ রফিকুল আলম, প্রোভিসি অধ্যাপক ডা: মো: জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: জুলফিকার আহমেদ আমিন, পরিচালক আইটিসেল অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, সহকারী পরিচালক লে. কর্নেল মো: আবদুল ওহাব। বিজ্ঞপ্তি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ