
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে নাফনদের খায়ুকখালী খালের মোহনায় ফিশিং ট্রলারের ধাক্কায় একটি স্পিডবোট উল্টে গেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারী হলেন- সেন্ট মার্টিনস পশ্চিম পাড়ার মৃত আব্দুল গফুরের স্ত্রী রশিদা বেগম ও একই এলাকার আবদুল জলিলের স্ত্রী মেহেরুন্নেসা (৭৫)। এ ঘটনায় সুমাইয়া আকতার (৫) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ২টার দিকে টেকনাফের খায়ুকখালী খাল সংলগ্ন নাফনদে মোহনায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার স্পিডবোটে শিশুসহ ১০ জন যাত্রী ছিলেন।
খায়ুকখালী ঘাটের প্রত্যক্ষদর্শী সেন্ট মার্টিনসের বাসিন্দা মোহাম্মদ আমিন জানান, সেন্ট মার্টিনসগামী একটি স্পিডবোট খায়ুকখালী খাল থেকে বের হয়ে নাফনদে প্রবেশের মুখে একটি ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে স্পীডবোট টি উল্টে যায়।
স্থানীয়দের সহযোগীতায় যাত্রীদের উদ্ধার করা হয় এবং গুরুতর আহতদের টেকনাফ মেরিন সিটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্পিডবোটে ধাক্কা দেওয়া মাছ ধরার ট্রলারটি টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার সৈয়দ করিমের মালিকানাধীন।
এ বিষয়ে সেন্ট মার্টিনস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘টেকনাফ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে নাফনদের মুখে ট্রলারের ধাক্কায় একটি স্পিডবোট উল্টে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া যাত্রীদের মুর্মূষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল মেরিন সিটিতে নিয়ে যাওয়া হয়।
এতে মেরিন সিটিতে রশিদা বেগম নামে এবং কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মেহেরুন্নেসা নামে দুই নারী মারা যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ