
এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন সিরিজে দল ঘোষণার জন্য বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর জন্য অপেক্ষা করছেন। ডমিঙ্গোর মতামত নিয়েই শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টেস্ট দল নিয়ে বড় ফরম্যাটের অধিনায়ক মুমিনুল হকের মতামত নেয়া শেষ নির্বাচকদের। কেমন দল চান সে বিষয়ে নির্বাচকদের মতামত দিয়েছেন মুমিনুল। এখন অপেক্ষা ডমিঙ্গোর। আজ রাতে ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লিকে নিয়ে ডমিঙ্গো তার দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছাবেন। এরপর তার সাথে শ্রীলঙ্কা সফরের জন্য দল নিয়ে আলাপ-আলোচনা সাড়বেন নির্বাচকরা। প্রধান কোচের মতামত নিয়ে আগামী ৮ তারিখের মধ্যে দল চূড়ান্ত করা হবে বলে জানান নান্নু।
আজ সংবাদ মাধ্যমকে নান্নু বলেন, ‘শ্রীলঙ্কা সফরের টেস্ট দল নিয়ে অধিনায়ক মুমিনুলের সাথে কথাবার্তা বলেছি আমরা। টেস্ট অধিনায়ক তার মতামত দিয়েছেন। এখন শুধু প্রধান কোচের মতামত নেয়া বাকি। আমরা তার অপেক্ষায় আছি। ডমিঙ্গো দেশে আসার পর তার সাথে আলোচনা করে ৮ তারিখের মধ্যে দল চূড়ান্ত করে ফেলার আশা করছি।’
শ্রীলঙ্কার সফরে টেস্ট সিরিজের দল বড় হবে বলে জানান নান্নু। পাশাপশি হাই পারফরমেন্স (এইচপি) দলও ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড হবে। সাথে হাই পারফরমেন্স (এইচপি) দলও ঘোষণা করা হবে।’ শ্রীলঙ্কা সফরের জন্য দেশের মাটিতে ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ