
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬), খুলনা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কে ট্রাকে তল্লাশির সময় গাঁজা ও ট্রাকসহ তাদের আটক করা হয়।
এরা হলেন- পিরোজপুর জেলার পূর্ব চালিতাখালী গ্রামের খবির শেখের ছেলে মো. বিক্রম শেখ ওরফে বিপ্লব (৫৫), বাগেরহাট জেলার মংলা উপজেলার চাঁদপাই গ্রামের মোজাহার শেখের ছেলে মো. কাদের শেখ (৩৫) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের সামছুর হকের ছেলে ট্রাক চালক মো. মুকুল মোড়ল (৫০)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্র্রস্তুতি চলছে। শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এ্যান্ড মিডিয়া) মো. মাহবুব উল-আলম।
র্যাব-৬ এর সহকারী পরিচালক মো. মাহবুব উল-আলম জানান, খুলনা-বাগেরহাট মহাসড়কে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ষাটগম্বুজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঢাকা মেট্রো-ট-১৩-৬৮৬১ নম্বরের একটি ট্রাককে থামার জন্য সিগনাল দেয় র্যাব সদস্যরা। ট্রাকটি না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে ভেতরে থাকা আটা-সুজির বস্তার মধ্যে বিশেষ পদ্ধতিতে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে বিপুল পরিমাণ গাঁজা দেখতে পায় র্যাব সদস্যরা। এসময় ট্রাকের চালকসহ ওই তিনজনকে আটক করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ