
মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের অপরাধে মোঃ ইসমাইল হোসেন (২৬) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রৌমারী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ইসমাইল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে তাকে রৌমারী থানায় নেওয়া হয়। সেখান থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল হাসানের কাছে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হাসান ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদক সেবনের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ ইসমাইল হোসেন রৌমারী উপজেলার রৌমারীগ্রামের মোঃ ওলি হোসেনের ছেলে।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউসার আলী বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।