
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা।
আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ডাকাতিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ভালুকা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সময়ে কর্মী-সমর্থকদের পাশে থাকার কারণে ইউনিয়নে তাঁর একটি নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ডাকাতিয়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং মাদকমুক্ত, সুশাসিত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। জনগণ সুযোগ দিলে তিনি এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
তাঁর সমর্থকদের দাবি, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের একটি অংশও তাঁকে ইতিবাচকভাবে দেখছেন বলে দাবি তাঁদের।
স্থানীয়দের মতে, নির্বাচনে দলীয় সমর্থনের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও ভোটারদের পছন্দই নির্ধারণ করবে চেয়ারম্যান পদে কার অবস্থান কতটা শক্তিশালী।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ডাকাতিয়া ইউনিয়নের নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতা ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।