
নেত্রকোনা পৌর শহরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খাল-নালা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
শনিবার দুপুরে শহরের চল্লিশাকান্দা জেলখানা মেইন রোড থেকে আবু আব্বাস কলেজ পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র-জনতা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডাঃ আনোয়ারুল হক বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসন ও নগর পরিবেশ রক্ষায় খাল-নালা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল এবং বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা ছিল। উদ্যোগটি বাস্তবায়িত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।