
এম আলম, লালমোহন (ভোলা) : ভোলার লালমোহনে এক ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি খাসি ছাগল চুরি করে জবাই করে নিয়ে গেছে চোরের দল। ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপুল বাজারসংলগ্ন ভোলা–চরফ্যাশন মহাসড়কের পাশে অবস্থিত একই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কাওসার হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গভীর রাতে চোরচক্র তার বাড়িতে প্রবেশ করে ছাগল রাখার জন্য নির্মিত পাকা ঘরের তালা ভেঙে দুটি খাসি ছাগল চুরি করে। পরে বাড়ির সামনেই ছাগল দুটি জবাই করে নিয়ে যায়।
ইউপি সদস্য মোঃ কাওসার হোসেন জানান, তিনি ও তার পরিবার ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছাগলের চিৎকার শুনে জেগে ওঠেন। ঘরের দরজা খুলে বাইরে এসে দেখেন বাড়ির সামনে ছাগল জবাইয়ের ফলে প্রচুর রক্ত পড়ে আছে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোরের দল দ্রুত পালিয়ে যায়। পরে লালমোহন দিক থেকে আসা একটি মোটরসাইকেল বিকল্প রাস্তা দিয়ে চোরদের নিরাপদে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো লালমোহন থানায় লিখিত অভিযোগ করা হয়নি, তবে দ্রুত অভিযোগ করবেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম বলেন, “এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”