
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গুরুত্বপূর্ণ থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, এসব কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
মোবাইল কোর্ট অভিযানে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৩টি মামলায় ৩ জন আইন লঙ্ঘনকারীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, খালেদা নাহিদকে ৫ হাজার টাকা এবং জহুরুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে মোবাইল কোর্ট পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন। তিনি বলেন,“সড়ক দখল ও যানবাহনের অবৈধ চলাচল জনজীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রৌমারী থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালিত হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, যানজট কমবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।