
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে ফ্যাসিবাদের গুম, খুন, নিপীড়ন বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
কয়েকজন পথচারী জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।
তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।
ঘটনাটির প্রাথমিক তদন্তে থাকায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্যরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।