
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আরামবাগ এলাকায় এক নারীকে নৃশংসভাবে হত্যায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,নেত্রকোনা জেলা সদরের আরামবাগ এলাকায় মাজেদা বেগম (৫২)’কে নিজ বাসায় নৃশংসভাবে হত্যার পর লুণ্ঠিত টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত যুবক আরিয়ান আহমেদ রাজীব ও সাউন বিন তোহা আব্দুল্লাহকে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গত ২০ মার্চ দিনের বেলায় শহরের আরামবাগ নিজ বাসায় আরজান আলীর স্ত্রী মাজেদা বেগমকে নৃশংসভাবে হত্যা করে ১৫ হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোন ও ব্যবহৃত কানের দুল নিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার মামলা রুজু হয়।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্রের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যবহৃত লুষ্ঠিত Samsung M14 মোবাইল ফোনটি উদ্ধার করে।
পরবর্তীতে এরই সূত্র ধরে ৩ এপ্রিল রাতে নেত্রকোনা পৌরসভার ছোট বাজার এলাকা থেকে হত্যাকান্ডের মূল হোতা ও হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে আরিয়ান আহমেদ রাজীব এবং ছোট বাজারের নুরুল ইসলামের ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাজেদা বেগম’কে শ্বাসরোধ করে হত্যাসহ নগদ টাকা,২ টি মোবাইল ফোন ও ব্যবহৃত এক জোড়া কানের দুল নিয়ে যায় বলে স্বীকার করে গ্রেপ্তারকৃতরা। মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেওয়াজ।