
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃপক্ষ কলেজ ক্যাম্পাসে এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন,কলেজের প্রাক্তন ছাত্র নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজটির প্রাক্তন ছাত্র জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলার সেক্রেটারী মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, ময়মনসিংহসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষে নেত্রকোনার সাতটি রোডে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস এই বাস সার্ভিসে যুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।
ভিন্নবার্তা ডটকম/এন