
ফিলিস্তিনি উদ্ধারকারীরা ৩ আগস্ট গাজা সিটির উত্তরে একটি স্কুল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার পর আগুন নেভাচ্ছেন। ছবি : এএফপি
গাজা সিটির পশ্চিমে জাতিসংঘ পরিচালিত দুটি স্কুলে রবিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত ও অনেক আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আল-হামস সর্বশেষ এ মৃতের সংখ্যা জানিয়েছেন। অন্যদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, হাসান সালামা ও আল-নাসর স্কুলে হামলায় হতাহতদের ৮০ শতাংশই শিশু। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
দেইর এল-বালাহ থেকে আলজাজিরার হানি মাহমুদ জানান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলগুলো হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গাজায় বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত অধিকাংশ ভবনই স্কুল। কারণ এগুলোই এখন উল্লেখযোগ্যসংখ্যক লোকের থাকার জন্য একমাত্র বড় জায়গা। আর ইসরায়েল কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এসব জায়গায় হামলা চালাচ্ছে।