
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের মতবিনিময় সভা। ছবি : কালের কণ্ঠ
চলমান পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাসের পরামর্শ দিয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজের প্রিন্সিপালরা।
আজ সোমবার বিকেলে গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সভায় প্রাথমিকভাবে এ পরামর্শ দেওয়া হয়।
দেশে চলমান পরিস্থিতি কিভাবে শান্ত করা যায়, সে বিষয়ে পরামর্শ করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপাচার্য এবং প্রিন্সিপালরা বেশ কিছু পরামর্শ দেন।
সেগুলো হলো ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, বিশেষ করে যারা নিহত ও আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে পাশে থাকা। দ্রুত অনলাইনে ক্লাস শুরু করা। সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত করা।
সরকারি ছাড়াও বিকল্প ক্যারিয়ার আছে এ বিষয়ে শিক্ষার্থীদের জানানো। উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিকিৎসা, আইনগত এবং আর্থিক সহায়তা প্রদান। কী কারণে এই ঘটনা ঘটল ঘটনার কারণ অনুসন্ধান করে, গবেষণা করে তথ্য উদ্ঘাটন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্ক বৃদ্ধি করা। শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবীদ ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে আন্ত সম্পর্ক বৃদ্ধি করা। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি করা।
সভায় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি গভীরভাবে মর্মাহত এবং শোকাহত যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি। তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় কোমলমতি শিক্ষার্থীরা। তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য শিক্ষার্থীদের একাডেমিক/প্রাতিষ্ঠানিক অভিভাবক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়সভা শুরু করেছি।’
মেয়র বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত ভিসি ও প্রিন্সিপালের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য নিয়ে আমি তাদের পাশে দাঁড়াব। ক্ষতিগ্রস্তদের কাছে যাব। আমরা আজকে প্রথম সভা করেছি। প্রয়োজনে আরো সভা করব। সবাইকে সম্পৃক্ত করে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ও পরামর্শে আমরা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাব।’
সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধি ছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।