
নেত্রকোনার দুর্গাপুরে ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. ইব্রাহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আবদুল আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরে গত সোমবার বিকেলে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে তার মা বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ছাত্রীর বাবা দুর্গাপুর থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেন। পরে ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্কুল ছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া ছিল ইব্রাহিমের। তবে ঘটনার দিন তঁার স্ত্রী বাড়ির পাশের জমি থেকে ছাগল আনার জন্য যান। সে-সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই